আরিফুল ইসলাম মহিন,খাগড়াছড়ি প্রতিনিধি:
দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিএনপির তিন সহযোগী সংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জেলা শহরে এ কর্মসূচি পালন করা হয়।
জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সংগঠনগুলোর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন দলীয় স্লোগান দিতে এবং সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ জানাতে দেখা যায়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার বলেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সন্ত্রাস ও নৈরাজ্যের যেকোনো উদ্যোগের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাগর নোমান। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ।
সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা ও বিশৃঙ্খলা কোনোভাবেই কাম্য নয়। দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রেখে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ ও রাজনৈতিক কর্মসূচি পালনের ওপর গুরুত্বারোপ করেন তারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি জেলা শহরের কয়েকটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply