আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির পানছড়িতে ন্যাশনাল লাইফ ইনসুরেন্স পিএলসি’র মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে বীমা গ্রাহকদের বিভিন্ন দাবির বিপরীতে চেক বিতরণ করা হয়।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় পানছড়ি এজেন্সি কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
পানছড়ি এজেন্সি কার্যালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন এজেন্সির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইনসুরেন্স পিএলসি’র ফটিকছড়ি এরিয়ার ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মো. মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি এরিয়ার মনিটরিং অফিসার মো. ইসমাইল হোসেন সবুজ।
এ সময় পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পানছড়ি প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুল ইসলাম মাহিমসহ ন্যাশনাল লাইফ ইনসুরেন্স পিএলসি’র কর্মকর্তা-কর্মচারী, এজেন্ট এবং বিপুলসংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।
সভায় প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম, ব্যবসায়িক অগ্রগতি, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা গ্রাহকদের আস্থা ও সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরে বীমা গ্রাহকদের বিভিন্ন দাবির বিপরীতে চেক বিতরণ করা হয়। চেক গ্রহণকারীদের মধ্যে রেজিয়া সুলতানা, রোকেয়া বেগমসহ কয়েকজন গ্রাহক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি গ্রাহকদের মধ্যে বীমা সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ন্যাশনাল লাইফ ইনসুরেন্স পিএলসি’র প্রতি আস্থা আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
Leave a Reply