সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার হুরুয়া গ্রামে এক প্রতিবন্ধী ব্যক্তির বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত গভীর রাতে সংঘটিত এই ঘটনায় নগদ অর্থ ও মোবাইল রিচার্জ কার্ডসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী প্রতিবন্ধী দীপঙ্কর জানান, রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সুযোগে চোরেরা ঘরের বেড়ার নিচ দিয়ে মাটি খুঁড়ে ভেতরে প্রবেশ করে। পরে ঘরে থাকা নগদ টাকা, মোবাইল কার্ড এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে ঘরের অগোছালো অবস্থা দেখে চুরির বিষয়টি জানতে পারেন তারা।
কান্নাজড়িত কণ্ঠে দীপঙ্কর বলেন, “আমি একজন প্রতিবন্ধী মানুষ। অনেক কষ্ট করে সামান্য যা কিছু জোগাড় করেছিলাম, চোরেরা সব নিয়ে গেছে। আমার বাড়িতে চুরি হয়েছে। আমি খুবই দুঃখিত এবং ভীত। আমার কাছে খুব কম জিনিসই ছিল, সেগুলোও চুরি হয়ে গেছে। এখন আমি কীভাবে চলব, সেটাই বুঝতে পারছি না। এই ক্ষতি আমার জন্য অনেক বড় ধাক্কা।”
এলাকাবাসী এই চুরির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় এনে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ রোধে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও নজরদারি জোরদার করার আহ্বান জানান স্থানীয়রা।
এছাড়া অসহায় প্রতিবন্ধী দীপঙ্করের এই অপূরণীয় ক্ষতি পুষিয়ে নিতে সমাজের বিত্তবান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী।
Leave a Reply