জাকির আহমেদ , (মদন)নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার মদন পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের আশকিপাড়া এলাকায় ইয়াসিন (২০) নামের ছেলের হাতে পিতা এলাই মিয়া (৬৫) খুন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের ছেলে ইয়াসিনকে আটক করেছে মদন থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ০৫:৩০ ঘটিকার সময় মদন পৌরসভাধীন আশকিপাড়া এলাকায় নিজ বসতবাড়িতে মৃত কুন্ডু মিয়ার পুত্র এলাই মিয়া (৬৫)-এর সঙ্গে তার পুত্র ইয়াসিন (২০)-এর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইয়াসিন বটিদা দিয়ে তার পিতা এলাই মিয়ার ঘাড়ের পিছনের দিকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। আহত এলাই মিয়াকে চিকিৎসার জন্য দ্রুত মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত এলাই মিয়া পেশায় একজন দিনমজুর ছিলেন। তিনি ০৮ (আট) পুত্র ও ০১ (এক) কন্যাসন্তানের জনক। তার অন্যান্য পুত্রগণ বিভিন্ন ব্যবসা ও পেশায় নিয়োজিত আছে। নিহত এলাই মিয়ার পুত্র ইয়াসিন ০৮ (আট) পুত্রদের মধ্যে সর্বকনিষ্ঠ। ইয়াসিন দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে ভুগছেন বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
উক্ত ঘটনায় অভিযুক্ত নিহতের পুত্র ইয়াসিনকে মদন থানা পুলিশ গ্রেফতার করেছে। নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মদন থানার ওসি সালাউদ্দিন করিম জানান, ‘প্রাথমিকভাবে জানা গেছে হতাশাগ্রস্ত ইয়াসিনের হাতে পিতা এলাই মিয়ার মৃত্যুর ঘটনা ঘটেছে। লাশের সুরতহাল চলছে। ইয়াসিনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
Leave a Reply