সাঈদ চৌধুরী স্টাফ রিপোর্টার:
গাজীপুর সিটি করপোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ডের টঙ্গীর গোপালপুর এলাকায় মাদক কারবারের নিয়ন্ত্রণ ও পূর্ববিরোধের জেরে নুরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে গোপালপুর সোসাইটি মাঠে এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম গাজীপুরের শ্রীপুর থানার টেপিরবাড়ি এলাকার মৃত নজরুল ইসলাম ও মালতি বেগমের ছেলে। তিনি পরিবার নিয়ে টঙ্গীর গোপালপুর এলাকায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে কিছুদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মরকুন ও পাগাড় এলাকার কয়েকজন এবং অজ্ঞাত আরও ১০-১২ জন নুরুল ইসলামকে বাসা থেকে ডেকে গোপালপুর সোসাইটি মাঠে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। সেখানে ধারালো অস্ত্র দিয়ে তার পায়ে আঘাত করা হয় এবং গুরুতর জখম করা হয়।
পরে রাত ১২টার দিকে গুরুতর আহত নুরুল ইসলামকে একটি সিএনজিচালিত অটোরিকশায় (গাজীপুর-থ-১২-১১০১) করে বাসার সামনে পাঠানোর চেষ্টা করা হয়। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণে সিএনজিতেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও জিজ্ঞাসাবাদের জন্য সিএনজিচালককে হেফাজতে নেওয়া হয়েছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদুল আলম বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply