মোঃ মোবারক হোসেন নাদিিম
স্টাফ রিপোর্টার,
নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়ের নির্দেশে নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো: আশিকুর রহমান, রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব বায়েজিদ বিন মনসুর, রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো: মজিবুর রহমানসহ রায়পুরা থানা পুলিশ, জেলা ডিবি, এপিবিএন, আরআরএফ এবং র্যাব-১১ এর একটি টিম সমন্বয়ে রায়পুরা থানাধীন মেঘনা নদীর দূর্গম চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়নের সদাগরকান্দি, মোহিনীপুর এবং বাঁশগাড়ি ইউনিয়ন এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও স্বাভাবিক রাখার লক্ষ্যে এবং অস্ত্রধারী সন্ত্রাসী, দাঙ্গাবাজ গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সদাগরকান্দি গ্রামে ফরিদ উদ্দিন (৪৪), পিতা-ওয়াছেক আলী এর টিনশেড বসত ঘরের ভিতর হইতে ১০ (দশ) রাউন্ড শর্ট গানের কার্তুজ, ১২ (বার) টি টেটা বল্লম, ২০০ (দুইশত) টি ককটেল তৈরির মারবেল, ০২ (দুই) টি বুলেটপ্রুফ জ্যাকেট, ০১ (এক) টি রামদা, ০৪ (চার) টি হাতল যুক্ত লোহার রড, ০১ (এক) টি কাঠের হাতল যুক্ত দা, ০২ (দুই) টি এস এস স্কয়ার বাট ও ০১ (এক) টি ঢাল উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে সদাগরকান্দি কবরস্থানের পাশে পরিত্যক্ত অবস্থায় ০১ (এক) টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান (এল.জি) বন্দুক, ০২ (দুই) রাউন্ড শর্ট গানের কার্তুজ, ০৭ (সাত) টি টেটা বল্লম, ০২ (দুই) টি হাতল যুক্ত দা, ০২ (দুই) টি হাতল যুক্ত লোহার রড, ০১ (এক) টি হাতল যুক্ত স্টেনলেস চাকু, ১৪ (চৌদ্দ) টি পটকা উদ্ধার করা হয়।
উল্লেখ্য, সদাগরকান্দি গ্রামে পূর্বপাড়া ও সরকারবাড়ির মধ্যে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলমান রয়েছে। এর প্রেক্ষিতে বিভিন্ন সময় সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উক্ত ঘটনা সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে। এলাকায় পুলিশি নজরদারি অব্যাহত আছে।
Leave a Reply