মোহাম্মদ হোসাইন, কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফের উনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে গুলিবর্ষণের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। ১১ আগস্ট ভোর রাতে অভিযান চালিয়ে উনছিপ্রাং ক্যাম্পের সি-১ ব্লকের আব্দুস শুক্কুরের ছেলে নুর জোহার (৪৭) এবং বি-৫ ব্লকের বাসিন্দা আব্দু শুক্কুরের ছেলে মোহাম্মদ ইউসুফকে (২৭) আটক করা হয়েছে বলে এপিবিএন সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত সোমবার (১০ আগস্ট) বিকেলে ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে প্রশাসনের নির্দেশনায় স্থাপিত সিসিটিভি ক্যামেরা মেরামতের কাজ তদারকি করতে বি ও ডি ব্লকে যান ক্যাম্পের হেড মাঝি রফিক। এ সময় আগে থেকে ওত পেতে থাকা একটি সশস্ত্র সন্ত্রাসী দলের সদস্যরা তাকে লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণ করে।
হেড মাঝি রফিক তাৎক্ষণিকভাবে আত্মরক্ষার্থে মাথা নিচু করায় গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। তবে তার ঠিক পেছনে থাকা মো. হোছন (২৮) নামের এক রোহিঙ্গা যুবকের শরীরে গুলি লাগে। গুলিবিদ্ধ হোছন এ-৪ ব্লকের বাসিন্দা এবং আনু মিয়ার ছেলে।
এ ঘটনায় ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি রফিক বাদী হয়ে নয়জনকে আসামি করে টেকনাফ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহীন জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মামলার অপর আসামিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply