প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নের মাধ্যমে একটি স্বনির্ভর সমাজ গড়ে তোলার প্রত্যয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে ওয়ার্ডভিত্তিক লটারির মাধ্যমে নির্বাচিত দুইজন নতুন লাখপতির মাঝে অনুদানের অর্থ বিতরণ, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
শনিবার (১১ জুলাই ) বিকেলে সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমীতে ওয়ার্ডভিত্তিক লটারির মাধ্যমে নির্বাচিত দুইজন নতুন লাখপতি সহ অন্যান্য সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও মানবিক আবহে পরিপূর্ণ। এতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষানুরাগী, সমাজসেবক এবং ফাউন্ডেশনের বর্তমান ও সাবেক সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং টপ স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ এর সহধর্মিণী অত্র ফাউন্ডেশনের উপদেষ্টা সৈয়দা সাজেদা শেলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মো. আবদুস ছাত্তার বিএসসি এমএড , বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আবু ইউসুফ মজুমদার, শিক্ষানুরাগী আবদুল মাজেদ, নবনির্বাচিত আহ্বায়ক রাকিব, সদস্য সচিব মাইনুদ্দীন, ফাউন্ডেশনের বর্তমান ও সাবেক সদস্যবৃন্দসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ।
অনুষ্ঠানে ওয়ার্ডভিত্তিক লটারির মাধ্যমে নির্বাচিত দুইজন নতুন লাখপতির হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়। একইসঙ্গে বিভিন্ন ওয়ার্ড থেকে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে যাচাইকৃত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা এবং অসহায় ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
বক্তারা বলেন, শিক্ষা, চিকিৎসা ও মানবিক সহায়তা একসঙ্গে নিশ্চিত করা গেলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সমাজের সুবিধাবঞ্চিত মানুষকে স্বাবলম্বী করে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সামাজিক সংগঠনগুলোর কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারা আরও বলেন, সৈয়দ হারুন ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষা, চিকিৎসা, মানবিক সহায়তা, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক উন্নয়নমূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও অসহায়, সুবিধাবঞ্চিত ও মেধাবী মানুষের পাশে থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনা করা হবে।
অনুষ্ঠান শেষে উপকারভোগীরা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন।
Leave a Reply