মোঃ রেজাউল করিম, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ):
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পৃথক দুটি অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ অর্থ, একটি মোবাইল ফোন এবং চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ৪২ হাজার শলাকা ভারতীয় পাতার বিড়ি জব্দ করেছে। এ সময় এক মাদক কারবারিকে গ্রেফতার করা হলেও অপর অভিযানে মূল অভিযুক্ত ও তার সহযোগীরা পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ থানার ফেনারবাঁক ইউনিয়নের শান্তিপুর এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা। অভিযানে মাদক ব্যবসায়ী মীম আক্তার মৌ (৩৬)-কে গ্রেফতার করা হয়।
এ সময় তার হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৪১ হাজার ৫৫০ টাকা এবং একটি স্যামসাং টাচ মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৩ হাজার ৫০ টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, একই দিন রাত সাড়ে ৩টার দিকে বিশ্বম্ভরপুর থানার সুলকাবাদ ইউনিয়নের উত্তর কাপনা গুচ্ছগ্রাম এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ৪২ হাজার শলাকা ভারতীয় পাতার বিড়ি জব্দ করা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত মো. হাসান আলী (৫৫) ও তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
জব্দকৃত বিড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২৬ হাজার টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদক, চোরাচালান ও অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়েছে।
Leave a Reply