মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ ফারুক আলম সরকার ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সাঘাটা উপজেলার সাঘাটা বাজারের ঐতিহ্যবাহী উকিল বাড়ি মন্দির চত্বরে এ গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
গণসংযোগকালে উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে বিএনপি প্রার্থী মোঃ ফারুক আলম সরকার বলেন,
“আপনারা যদি ধানের শীষে ভোট দেন এবং ধানের শীষ বিজয়ী হয়, তাহলে বিএনপি সরকার গঠন করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে নতুন করে গড়ে তোলা হবে।”
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষক ও সাধারণ মানুষের কল্যাণে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে। কৃষক কার্ডধারীদের জন্য ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি সার, বীজ, কৃষিযন্ত্রপাতি এবং সেচ সুবিধা নিশ্চিত করা হবে।
এছাড়াও তিনি জানান, ফ্যামিলি কার্ডধারীরা ২৫ শ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। তাদের জন্য স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
নিজ এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন,
“নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সাঘাটা ও বোনারপাড়ায় দুটি পৃথক উপজেলা গঠনের উদ্যোগ নেওয়া হবে, যাতে এই অঞ্চলের মানুষ প্রশাসনিক ও উন্নয়ন সুবিধা আরও সহজে পেতে পারে।”
প্রার্থীর বক্তব্যে স্থানীয় জনগণ উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ধানের শীষ প্রতীকের প্রতি তাদের দৃঢ় সমর্থন ব্যক্ত করেন। অনেকেই বলেন, এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার আদায়ে তারা ধানের শীষের পক্ষেই থাকবেন।
এদিন সাঘাটা ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আলহাজ্ব মোহাম্মদ আলী, সেলিম আহমেদ তুলিপ মইন, মঈন প্রধান লাবু, আরাশাদুল কবির রাঙ্গা, মোস্তাক আহমেদ মিলন, ইদ্রিস আলী ঠান্ডু, সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম বাবু, আতিকুর রহমান আতিক, হারুন উর রশিদ, নিজাম উদ্দিন, জাহিদুল ইসলাম, আতিকুর রহমান জোয়ার্দার প্রমুখ।
এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত থেকে গণসংযোগ কর্মসূচিকে সফল করে তোলেন।
Leave a Reply