বাগেরহাট প্রতিনিধি:
দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক প্রতিকূলতা, নির্যাতন ও পারিবারিক কষ্টের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পিসি কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক মোঃ আব্দুল্লাহ সিয়াম। প্রধানমন্ত্রীর কাছে নিজের বাবার রাজনৈতিক ত্যাগ এবং পরিবারের দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরেন তিনি।
দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক প্রতিকূলতা, নির্যাতন ও পারিবারিক কষ্টের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পিসি কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক মোঃ আব্দুল্লাহ সিয়াম। প্রধানমন্ত্রীর কাছে নিজের বাবার রাজনৈতিক ত্যাগ এবং পরিবারের দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরেন তিনি।
আব্দুল্লাহ সিয়ামের বাবা কামরুজ্জামান শিমুল বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। সিয়ামের অভিযোগ, দলের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে তাঁর বাবা দীর্ঘ ১৭ বছর নানা নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন।
পরিবারের কঠিন সময়ের বর্ণনা দিতে গিয়ে সিয়াম বলেন, রাজনৈতিক কারণে তাঁর বাবাকে মারধর করে ওপর থেকে ঝুলিয়ে নিচে ফেলে দেওয়া হয়েছিল। এতে তাঁর বাবার মাথা ফেটে যায়।
তিনি বলেন, “আমরা দুই ভাই ছোটবেলা থেকেই অনেক কষ্টের মধ্যে বড় হয়েছি। বাবার রাজনৈতিক পরিস্থিতির কারণে স্কুল-কলেজে ঠিকমতো যেতে পারিনি। বাবা গ্রেপ্তার হলে মা আমাদের দুই ভাইকে নিয়ে বাগেরহাট আদালতে হেঁটে যেতেন। যাতায়াতের ভাড়াটুকুও অনেক সময় আমাদের কাছে থাকত না।
সিয়াম আরও বলেন, দলের জন্য তাঁর বাবা অনেক ত্যাগ স্বীকার করেছেন। রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি দলীয় কর্মকাণ্ড থেকে সরে যাননি। পরিবারের সদস্য হিসেবে বাবার সেই সংগ্রাম, নির্যাতন ও কষ্টের দিনগুলো খুব কাছ থেকে দেখেছেন তাঁরা।
আব্দুল্লাহ সিয়ামের বক্তব্যে উঠে আসে, একজন রাজনৈতিক কর্মীর সংগ্রামের পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদেরও দীর্ঘদিন নানা প্রতিকূলতা ও আর্থিক সংকটের মধ্য দিয়ে জীবন কাটাতে হয়েছে। বাবার সেই ত্যাগ ও পরিবারের কষ্টের স্মৃতি তুলে ধরতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি তিনি।
রাজনীতির মাঠে একজন কর্মীর ত্যাগের গল্পের পাশাপাশি সিয়ামের এই বক্তব্যে ফুটে উঠেছে একটি পরিবারের দীর্ঘদিনের বঞ্চনা, সংগ্রাম ও কষ্টের বাস্তব চিত্র।
Leave a Reply