বাগেরহাট প্রতিনিধি :
বিশ্ববিদ্যালয়ের আঙিনায় পা রেখে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা ছিল লতিকা হেলেন পিংকির। সদ্য এইচএসসি পাস করে সেই স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। শুক্রবার সকালে কোচিং সেন্টারে ভর্তি হতে খুলনায় যাওয়ার কথা ছিল। কিন্তু সেই যাত্রার আগেই থেমে গেল তার জীবনের পথচলা। শরণখোলায় নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে এই কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত পিংকি (১৮) ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম পিঞ্জুর মেয়ে। তিনি এ বছর শরণখোলা সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, খুলনায় কোচিং সেন্টারে ভর্তি, যাতায়াত ও অন্যান্য খরচের জন্য মায়ের কাছ থেকে নয় হাজার টাকা নিয়েছিলেন পিংকি। যাওয়ার আগে মায়ের কাছে আরও ১০০ টাকা চাইলে এ নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মায়ের বকাঝকায় অভিমান করে নিজের শোবার ঘরে চলে যান তিনি। পরে ঘরের দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
দ্রুত উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাইম ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
Leave a Reply