স্টাফ রিপোর্টার: তাওলাদ হোসেন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফজলুল হক প্রধানকে নিয়ে তীব্র আতঙ্ক ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে স্থানীয় অধিবাসীদের মাঝে। স্থানীয়দের অভিযোগ, তিনি অতীতে যুবলীগের মিছিল-মিটিংয়ে বেশ সক্রিয় ছিলেন, কিন্তু বর্তমানে শ্রমিক দলের পদে এসেই চাঁদাবাজি, মামলা বাণিজ্য এবং সংঘবদ্ধ প্রতারক চক্রের হয়ে ভাড়াটে শক্তি হিসেবে কাজ করছেন।
গোপন ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারাব এলাকায় জমি বিক্রি করতে গেলেই দিতে হয় নির্দিষ্ট অঙ্কের চাঁদা। এছাড়া বিকাশ ও নগদকেন্দ্রিক বিভিন্ন ডিজিটাল প্রতারক চক্রের স্বার্থরক্ষায় তিনি মামলা বাণিজ্যের আশ্রয় নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। উচ্চপর্যায়ের শেল্টারে তিনি সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ও চাঁদাবাজির অন্যতম কারিগর হয়ে উঠেছেন এবং রাজনৈতিক পদের প্রভাব খাটিয়ে জনবিরোধী নানান কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। ১০ হাজার টাকা চাঁদা না পেয়ে ট্রাকচালককে পিটিয়ে আহত করার অভিযোগ সর্বশেষ ঘটনায় রূপগঞ্জের তারাব পৌরসভার মৈকুলী এলাকায় চাঁদা না পেয়ে রুবেল (২৬) নামের এক ট্রাকচালককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ফজলুল হক প্রধানের বিরুদ্ধে। ভুক্তভোগী রুবেল ‘এশিয়ান ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানের ট্রাকচালক।
মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী ট্রাকচালক রুবেল বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার বিবরণ দিয়ে ভুক্তভোগী রুবেল জানান, গত সোমবার সন্ধ্যায় তিনি এশিয়ান ট্রেডার্সের মালামাল নিয়ে মৈকুলী এলাকার কারখানায় প্রবেশ করতে যাচ্ছিলেন। এ সময় শ্রমিক দল নেতা ফজলুল হক প্রধান তার গতিপথ রোধ করে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে তিনি ট্রাষ্টি কারখানায় প্রবেশ করতে দেবেন না বলে হুমকি-ধামকি দেন। রুবেল এর প্রতিবাদ করলে ফজলুল হক প্রধান ও তার অনুসারীরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। পরে রুবেলের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। চাঁদা দাবি ও হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তারাব পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফজলুল হক প্রধান। তিনি বলেন,
চাঁদা দাবি বা মারধরের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও মিথ্যা। সেদিন ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে বের হয়ে মৈকুলী স্ট্যান্ডে গিয়ে দেখি এলোমেলোভাবে ট্রাক রাখার কারণে যানজট তৈরি হয়েছে। আমি ড্রাইভারকে ট্রাকটি সঠিকভাবে রাখতে বললে কেবল বাকবিতণ্ডা হয়। এরপর আমি হাসপাতালে চলে যাই। সেখানে চাঁদা দাবি বা কোনো মারামারির ঘটনা ঘটেনি।”এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, ট্রাকচালকের ওপর হামলা ও চাঁদা দাবির বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply