ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনী প্রচারণায় কৃষকদের সার সংকটের স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন প্রার্থী মির্জা ফয়সল আমীন। নির্বাচিত হয়ে সংসদে যেতে পারলে কৃষকদের এই সমস্যা নিরসনে সরকারের কাছে প্রথম দাবি তুলবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
বুধবার (১২ অক্টোবর) ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের শিংপাড়া ঈদগাহ মাঠে আয়োজিত এক নির্বাচনী সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ প্রতিশ্রুতি দেন।
সভায় উপস্থিত কৃষক ও স্থানীয় জনসাধারণের উদ্দেশ্যে মির্জা ফয়সল আমীন বলেন, “এই এলাকায় অনেক কৃষক ভাই রয়েছেন। আপনারা দীর্ঘদিন ধরে সারের সংকটে ভুগছেন, কিন্তু সঠিকভাবে আপনাদের দাবি তুলে ধরা হচ্ছে না।”
তিনি আরও বলেন, জনগণের ভোটে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলে সংসদে সরকারের সঙ্গে প্রথম আলোচনাতেই সার সংকট নিরসন এবং খোলাবাজারে সার বিক্রির ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হবে। খোলাবাজারে সার প্রাপ্তি সহজ হলে কৃষকদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বক্তব্যে তিনি স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে এই এলাকাকে একটি শক্তিশালী, সমৃদ্ধ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় উপস্থিত জনতা করতালির মাধ্যমে তার এ আহ্বানে সমর্থন জানান।
Leave a Reply