লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার লাকসাম উপজেলার ৫নং গোবিন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা বেল্লালের এক নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের তারা পাইয়া গ্রামে স্থানীয় সর্বস্তরের জনগণ ও নেতাকর্মীদের অংশগ্রহণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা বেল্লাল।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল। তিনি তাঁর বক্তব্যে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও তৃণমূলের সার্বিক উন্নয়নে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে গোবিন্দপুর ইউনিয়নকে একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে মাসুদ রানা বেল্লাল দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি, আসন্ন নির্বাচনে ইউনিয়নবাসী তাঁকে বিপুল ভোটে বিজয়ী করবেন।
অনুষ্ঠানের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা বেল্লাল এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আমি গোবিন্দপুর ইউনিয়নের সুখে-দুঃখে সবসময় আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকতে চাই। ইউনিয়নবাসীর সার্বিক উন্নয়ন, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং মেহনতী মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমার মূল লক্ষ্য। জনগণের সেবা করার সুযোগ পেলে এই ইউনিয়নকে একটি কল্যাণমুখী ইউনিয়ন হিসেবে রূপান্তর করব।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান ফারুক এবং উপজেলা কৃষক দলের সভাপতি মনু।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন আজহারুল হক খোকা, মাইনুল হক মিঠু, আলমগীর হোসেন, এমরান হোসেন মিলন, নূরে আলমসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ ভোটারগণ।
সভা থেকে উপস্থিত নেতাকর্মীরা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাসুদ রানা বেল্লালের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং তাঁর পক্ষে এলাকার ভোটারদের নিকট সমর্থন ও ভোট প্রার্থনা করেন।
Leave a Reply