1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু পানছড়িতে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ব্লাড ক্যানসারে আক্রান্ত জিলান, বাঁচতে প্রয়োজন ব্যয়বহুল চিকিৎসা নরসিংদীর শিবপু‌রে নকল বি‌ড়ির কারখানার এন এস আই এর সন্ধান মূল হোতা নেপাল দত্ত আটক। ‘করব সমবায়, গড়ব দেশ’ স্লোগানে ভূল্লীতে জাতীয় সমবায় দিবস উদযাপন নরসিংদী জেলাতে ঘরে ঘরে উঠছে আগুনী ধান, নতুন ধানের ঘ্রাণে গ্রামজুড়ে উৎসবের আমেজ আকিব ইয়ার্ণ ট্রেডিংয়ের বিরুদ্ধে বন্ডের সুতা খোলাবাজারে বিক্রির অভিযোগ, গোডাউনে অভিযানের দাবি চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত যে পাহাড় ছিল জীবিকার আশ্রয়, আজ সেখানে নিরাপত্তার হাহাকার সিকদার বাজার দোকান মালিক সমিতির নির্বাচনে ইউনুস, আবুল কালাম কালু ও সুজন বড়ুয়ার জয় বাগেরহাট সফরকে কেন্দ্র করে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে পদায়ন বিতর্ক: অতীত বৃত্তে ঢাকা মেট্রোর নতুন নির্বাহী প্রকৌশলী

  • প্রকাশকাল: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) ঢাকা মেট্রো সার্কেলের বর্তমান নির্বাহী প্রকৌশলী মনজুরুল আলম শরীফের পদায়ন নিয়ে তীব্র সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অতীতে এই একই সার্কেলে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত থাকার সময় তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিভাগীয় মামলা হয়েছিল। যদিও পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় তাকে সেই মামলা থেকে অব্যাহতি দেয়, তবুও পুরোনো কর্মস্থলে তার নতুন করে পদায়ন নিয়ে অধিদপ্তরের ভেতরে-বাইরে নানান প্রশ্ন উঠেছে।

গত ২১ জুলাই ২০২৬ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব এ এস এম শাহরিয়ার জাহান স্বাক্ষরিত এক আদেশে তাকে চাঁদপুর জেলা থেকে ঢাকা মেট্রো সার্কেলে বদলি করা হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সহকারী প্রকৌশলী থাকাকালে মনজুরুল আলম শরীফের বিরুদ্ধে কয়েকটি প্রকল্পে কাজ শেষ হওয়ার আগেই ঠিকাদারদের অতিরিক্ত ও অগ্রিম বিল প্রদানের অভিযোগ ওঠে। রাজধানীর নিউ মার্কেট এলাকায় আইডিয়াল কলেজের ৮ তলা একাডেমিক ভবন নির্মাণে ‘শফিক এন্টারপ্রাইজ’কে ৯৩ লাখ টাকা এবং মোহাম্মদপুরে নূরজাহান বালিকা বিদ্যালয়ের ৬ তলা ভবন নির্মাণে একই ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেড় কোটি টাকার অতিরিক্ত বিল প্রদানের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

এছাড়া মিরপুরে সরকারি বঙ্গবন্ধু কলেজের খেলার মাঠ ও রাস্তা নির্মাণে ‘অনিতা এন্টারপ্রাইজ’কে ১৪ লাখ টাকা অতিরিক্ত বিল দেওয়ার অভিযোগও ছিল। এসব অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হলে ২০১৯-২০ অর্থবছরে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়। তবে দীর্ঘ তদন্ত, ব্যক্তিগত শুনানি ও নথিপত্র সার্বিক পর্যালোচনার পর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় ২০২৪ সালের ২৪ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোলেমান খান স্বাক্ষরিত এক আদেশে মনজুরুল আলম শরীফসহ চারজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

মন্ত্রণালয় থেকে মামলা থেকে অব্যাহতি পেলেও একই স্পর্শকাতর সার্কেলে তার ফিরে আসা নিয়ে ইইডি কর্মকর্তা-কর্মচারীদের একাংশ তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, যেখানে তার বিরুদ্ধে অতীতে গুরুতর অভিযোগ উঠেছিল, সেখানে পুনরায় তাকে পদায়ন করায় প্রশাসনিক স্বচ্ছতা চরমভাবে ব্যাহত হতে পারে। একাধিক সূত্রের দাবি, মনজুরুল আলম শরীফ বিভিন্ন সময় রাজনৈতিক ক্ষমতার পালাবদলের সঙ্গে নিজেকে চতুরতার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন।

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নির্বাচনী এলাকা চাঁদপুরে দীর্ঘদিন নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে টেন্ডার-বাণিজ্য, কমিশন গ্রহণ এবং ক্ষমতাসীন দলের অনুসারী ঠিকাদারদের অন্যায্য সুবিধা দেওয়ার বেশ কয়েকটি অভিযোগ ছিল। বর্তমানে রাজনৈতিক পটপরিবর্তন হলেও, তিনি নতুন প্রভাবশালী মহলের সঙ্গে সখ্যতা গড়ে তুলে নিজের অবস্থান টিকিয়ে রাখার জোর চেষ্টা চালাচ্ছেন বলে তীব্র গুঞ্জন রয়েছে।

বিভাগীয় মামলা, অতীত অভিযোগ এবং বর্তমান পদায়নের বিষয়ে সরাসরি কথা বলতে নির্বাহী প্রকৌশলী মনজুরুল আলম শরীফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন, “রাজনৈতিকভাবে ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।”

পূর্বের মারাত্মক অনিয়মের অভিযোগ থাকা সত্ত্বেও কেন তাকে একই সংবেদনশীল কর্মস্থলে পদায়ন করা হলো—এ বিষয়ে বক্তব্য জানার জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্বে) মো. তারেক আনোয়ার জাহেদীর মোবাইলে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

উল্লেখ্য, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ ও সংস্কারের দায়িত্বে থাকা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঢাকা মেট্রো সার্কেলের সাবেক নির্বাহী প্রকৌশলীর তার নিজ কার্যালয়ে নগদ টাকা লেনদেনের একটি স্পর্শকাতর ভিডিও ফাঁস হওয়াকে কেন্দ্র করে সম্প্রতি ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। ভিডিওটি পুরোনো হলেও তা প্রকাশ পাওয়ার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে সিলেট সার্কেলে বদলি করা হয়। এমন এক টালমাটাল ও দুর্নীতিগ্রস্ত পরিস্থিতির পরপরই বিতর্কিত অতীত ও মামলার মুখোমুখি হওয়া মনজুরুল আলম শরীফকে পুনরায় ঢাকা মেট্রো সার্কেলের মতো গুরুত্বপূর্ণ পদে বসানোয় পুরো অধিদপ্তরের স্বচ্ছতা ও জবাবদিহিতা এখন চরম প্রশ্নের মুখে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ