প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
নোয়াখালীর সদর উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ইয়াবা সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে নোয়াখালী পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নিয়ামুল কবীর উৎসের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অংশ নেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নোয়াখালী পৌরসভার মধুপুর, দত্তেরহাট, মাইজদী বাজার, আয়কর অফিস এলাকা ও হাপার গোড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ইয়াবা সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অভিযোগে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে পৃথক মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন-নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হরিনারায়ণপুর এলাকার মুসলিম কলোনির আলী আহাম্মদ মিয়া বাড়ির মৃত মাঈন উদ্দিন সোহেলের ছেলে ফায়েক আদনান (৩০) এবং সোনাপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোপাই এলাকার আব্দুল বারেক মিয়ার বাড়ির মৃত রুহলামিনের ছেলে আনোয়ার হোসেন সাদ্দাম (৩৫)।
ভ্রাম্যমাণ আদালত ফায়েক আদনানকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং আনোয়ার হোসেন সাদ্দামকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের উপ-পরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মাদকবিরোধী টাস্কফোর্সের সংশ্লিষ্টরা জানান, মাদকের বিস্তার রোধ এবং জনসাধারণের নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে।
Leave a Reply