সাঘাটা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটায় সালাউদ্দিন হত্যা মামলায় নিরীহ লোকজনকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি।
সোমবার (৭ সেপ্টেম্বর) সাঘাটা উপজেলা বিএনপির আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, একটি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে গত ২১ জুন ২০২৬ বোনারপাড়ায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ওই ঘটনায় সাইফুল্লাহ বারী নামে এক যুবক নিহত এবং সালাউদ্দিন নামে আরেক যুবক গুরুতর আহত হন।
এ ঘটনায় ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হলে পুলিশ চারজন আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত সালাউদ্দিন ৪৮ দিন পর মৃত্যুবরণ করেন।
সেলিম আহমেদ তুলিপ অভিযোগ করে বলেন, সালাউদ্দিনের বড় ভাই সাদেকুর রহমান ঘটনাটিকে পুঁজি করে ব্যক্তিগত আক্রোশ ও অর্থ বাণিজ্যের উদ্দেশ্যে বিএনপির নির্দোষ নেতাকর্মীদের নামে আরেকটি মিথ্যা মামলা দায়ের করেছেন। তিনি ওই মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
একই সঙ্গে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুর রহমানকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইন প্রধান লাবু, যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন মন্ডল ও মোস্তাক আহমেদ মিলন, উপজেলা যুবদলের আহ্বায়ক আহমেদ কবীর শাহীন, যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
Leave a Reply