আরিফুল ইসলাম মহিন,
খাগড়াছড়ি প্রতিনিধি:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য জশনে জুলুস ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ও নবীপ্রেমিক অংশ নেন।
বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৮টায় আহলে সুন্নাতুল জামাতের উদ্যোগে খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে জশনে জুলুসটি বের হয়। নানা বয়সী মুসল্লির অংশগ্রহণে জুলুসটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।
এ সময় অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। নাতে রাসুল (সা.) পরিবেশনের মধ্য দিয়ে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত। জেলা সদর ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে ধর্মপ্রাণ মানুষ জশনে জুলুসে যোগ দেন।
জুলুস শেষে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল ও দোয়া। এতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ, মানবতা ও শান্তির শিক্ষা নিয়ে আলোচনা করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মিলাদ মাহফিল পরিচালনা করেন খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের পেশ ইমাম সালাউদ্দিন।
জশনে জুলুস ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক ও আহলে সুন্নাতুল জামাতের সভাপতি আবু তাহের আনসারী, সহসভাপতি আব্দুর রউফ রাজা, সাধারণ সম্পাদক সাজ্জাদ মাহমুদসহ সুন্নীয়তের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এ জশনে জুলুসকে ঘিরে সকাল থেকেই খাগড়াছড়ি শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ধর্মীয় আবেগ ও ভালোবাসায় অংশগ্রহণকারীরা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply