আবুল হাসনাত তুহিন, ফেনী: মাদকমুক্ত ও সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে ফেনীর দাগনভূঞায় মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফেনী জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দাগনভূঞা থানা পুলিশের সদস্যসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
র্যালিটি দাগনভূঞা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসাধারণকে সচেতন করেন।
পরে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ ফয়জুল আজিম নোমান বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়। মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান তিনি।
এছাড়াও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
Leave a Reply