মোঃ হাফিজুল ইসলাম শান্ত, স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে বরিশাল মহানগর এবং বরিশাল জেলা দক্ষিণের পৃথক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে গঠিত বরিশাল মহানগর আহ্বায়ক কমিটিতে ইঞ্জিনিয়ার মোঃ জুয়েল খানকে আহ্বায়ক, আমানউল্লাহ খানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ইঞ্জিনিয়ার মোঃ তৌফিকুর রহমান বিপ্লবকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক এবং আরিফুর রহমান তুহিনকে সদস্য সচিব করা হয়েছে। মহানগর কমিটিতে মোট ৭৭ জনকে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে বরিশাল জেলা দক্ষিণ আহ্বায়ক কমিটিতে হাবিবুর রহমান (মিল্টন)-কে আহ্বায়ক, অ্যাডভোকেট এমরান হক চিশতী অনুপকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, শাকিল আজিজ রানাকে যুগ্ম আহ্বায়ক এবং মোঃ গোলাম মুক্তাদির (মুরাদ)-কে সদস্য সচিব করা হয়েছে। ৮১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে বরিশাল সদর, বাকেরগঞ্জ ও বাবুগঞ্জসহ জেলার দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকার নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবগঠিত দুই কমিটির নেতৃবৃন্দ জানান, সংগঠনের সাংগঠনিক ভিত্তিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করাই তাদের প্রধান লক্ষ্য। মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জাতীয়তাবাদী চেতনাকে ধারণ করে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে তারা কাজ করবেন।
তারা আরও জানান, বরিশাল মহানগর ও জেলা দক্ষিণের প্রতিটি থানা, উপজেলা, পৌরসভা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সংগঠনের কার্যক্রম বিস্তৃত করার পাশাপাশি নতুন নেতৃত্ব তৈরি এবং তরুণদের সাংগঠনিকভাবে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটিগুলো বরিশালে সংগঠনের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে। একই সঙ্গে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী তরুণ ও মুক্তিযুদ্ধের প্রজন্মকে একটি শক্তিশালী সাংগঠনিক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করতে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
Leave a Reply