মোঃ মোবারক হোসেন নাদিম
স্টাফ রিপোর্টার,
মনোহরদী থানাধীন দৌলতপুর ইউনিয়নস্থ কীর্তিবাসদী গ্রামে আকাশ মিয়া (২৪) গত ২২/০৮/২০২৬ খ্রিঃ সকাল ০৭:০০ ঘটিকা হতে সকাল ০৯:০০ ঘটিকার মধ্যে যেকোন সময় তার বসত বাড়ীর দক্ষিণ ভিটির গোয়াল ঘরে অজ্ঞাতনামা ব্যক্তি মাথায় আঘাত করে রক্তাক্ত কাটা জখম করে পালিয়ে যায়। ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। পরবর্তীতে ভিকটিম এর মা ফিরোজা খাতুন বাড়ীতে এসে গোয়াল ঘর হতে ভিকটিম আকাশ মিয়া’কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ করলে মনোহরদী থানায় নিয়মিত মামলা রুজু হয়।
মামলা তদন্তকালীন গোপন সংবাদের ভিত্তিতে ভিকটিমের পিতা আতাউর রহমান মিস্ত্রী’কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে, তার ছেলে আকাশ মিয়া মাদকাসক্ত। প্রায় সময় বাবা ও ছেলের মধ্যে ঝগড়া বিবাদ হতো। আতাউর রহমান মিস্ত্রী তার ছোট মেয়েকে কিছু টাকা ধার দেয়। উক্ত ধারের টাকা ফেরত আনার জন্য বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয় এবং আকাশ মিয়া তার পিতা ও তার বোনকে নিয়ে এলাকায় অশালীন কথা বলতে থাকে। আতাউর রহমান মিস্ত্রী ছেলের নিকট হতে এ ধরনের অশালীন কথা সহ্য করতে না পেরে ঘটনার দিন সকাল অনুমান ০৮:০০ ঘটিকার দিকে বাড়ীতে কেউ না থাকার সুযোগে আকাশ মিয়াকে বাড়ীতে ঘুমন্ত অবস্থায় পেয়ে নিজ ঘরের কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। তদন্তকালীন ঘটনাস্থল হতে হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা কুড়াল টি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত আতাউর রহমান মিস্ত্রী বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে।
উদ্ধারকৃত আলামত:
হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা কুড়াল।
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা: মোঃ আতাউর রহমান মিস্ত্রী (৭০), পিতা-মৃত ছাদত আলী, সাং-কীর্তিবাসদী, ইউপি-দৌলতপুর, থানা-মনোহরদী, জেলা-নরসিংদী।
Leave a Reply