সাধন সাহা জয়,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রাতে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মো. লিমন মিয়া (২৩) নামের এক জেলের মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার গোল পুকুরিয়া বিল থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত লিমন মিয়া উপজেলার রতনপুর ইউনিয়নের গোল পুকুরিয়া গ্রামের বড়বাড়ির লিটন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের গোল পুকুরের বিলে কুশাই নৌকা নিয়ে জাল দিয়ে মাছ ধরতে যান লিমন।
এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
পরে বুধবার সকালে স্থানীয় লোকজন বিলের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে নবীনগর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় পরিবারের সদস্যরা মরদেহটি লিমন মিয়ার বলে শনাক্ত করেন।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, বিলের পানিতে ডুবে ওই জেলের মৃত্যু হয়েছে।
আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় নবীনগর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply