নুরে আলম শাহ,ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে ভুল্লী ও রুহিয়াকে নতুন উপজেলা হিসেবে অনুমোদনের খবরে উৎসবে মেতে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় দুই এলাকায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা–অভিনন্দনের জোয়ারে মুখর হয়ে ওঠে পুরো জনপদ।
বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত নিকোর বৈঠকে দেশে নতুন আরও পাঁচটি উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে ঠাকুরগাঁও জেলার ভুল্লী ও রুহিয়ার নাম অন্তর্ভুক্ত হওয়ায় স্থানীয়দের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
জানা গেছে, ৫টি ইউনিয়নের সমন্বয়ে ভুল্লী থানাকে এবং ৬টি ইউনিয়নের সমন্বয়ে রুহিয়া থানাকে নতুন উপজেলায় রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবরটি প্রকাশের পর থেকেই দুই থানার মানুষের মধ্যে শুরু হয় স্বতঃস্ফূর্ত আনন্দ উদযাপন।
রাত ১০টার দিকে রুহিয়া ও ভুল্লী এলাকায় পৃথকভাবে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহণ করেন সাধারণ মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
এসময় তারা নতুন উপজেলা ঘোষণাকে স্বাগত জানিয়ে মিষ্টি বিতরণ করেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন।
এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সংশ্লিষ্টদের পাশাপাশি ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।
স্থানীয়দের দাবি, নতুন উপজেলা বাস্তবায়নের ফলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা ও প্রশাসনিক সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। এতে দীর্ঘদিনের প্রশাসনিক ভোগান্তি কমবে এবং ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
উপজেলা অনুমোদনের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমেও আনন্দঘন প্রতিক্রিয়া দেখা যায়। স্থানীয় বাসিন্দারা পোস্ট ও স্ট্যাটাসের মাধ্যমে নিজেদের উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি সংশ্লিষ্টদের ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছেন।
Leave a Reply