বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের কচুয়া উপজেলার ৭নং বাধাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল আমিন রাহুল আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। দীর্ঘদিন ধরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিজ্ঞতা এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের বিষয়টি তিনি তার রাজনৈতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরছেন।
নুরুল আমিন রাহুল জানান, ২০০১ সালে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে অধ্যয়নকালীন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত হন। এরপর ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, ২০০৭ সালে বাধাল ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১২ সালে কচুয়া উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি বলেন, ২০১৭ সালে বাধাল ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর থেকে ইউনিয়ন পর্যায়ের রাজনৈতিক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে যুক্ত হন। পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ করেন।
তার দাবি, আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক কারণে হামলা, হুমকি ও মামলার মুখোমুখি হতে হয়েছে। ২০২৩ সালের একটি নাশকতা মামলায় আসামি হওয়ার পর উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন। একই সময়ে দলীয় কর্মসূচি বাস্তবায়ন এবং বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির প্রচারণায় সক্রিয় ভূমিকা পালন করেন বলেও জানান।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও সাংগঠনিক ক্ষেত্রেও সম্পৃক্ত রয়েছেন নুরুল আমিন রাহুল। তিনি ২০২০ সালে ‘এশিয়ান মাদার অ্যান্ড চাইল্ড সেফ ফাউন্ডেশন’-এর কচুয়া উপজেলা কমিটির সভাপতি নির্বাচিত হন। ২০২৩ সালে ‘জিয়া সাইবার ফোর্স’ কচুয়া উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন এবং ২০২৫ সালে ‘অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন’ বাগেরহাট জেলা কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব লাভ করেন।
নুরুল আমিন রাহুল বলেন, “দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে মাঠে থেকে কাজ করেছি। আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক কার্যক্রম ও জনসম্পৃক্ততার অভিজ্ঞতা নিয়ে আমি মানুষের সেবা করতে চাই। আমার রাজনৈতিক কর্মকাণ্ড ও সাংগঠনিক অবদান দলীয় নেতৃবৃন্দ মূল্যায়ন করবেন বলে আমি বিশ্বাস করি।”
স্থানীয়ভাবে তিনি দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত এবং এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন।
Leave a Reply