প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
ফেনীর একটি বেসরকারি হাসপাতালে নবজাতক শিশুর অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। পরিদর্শনকালে অপারেশন থিয়েটার (ওটি) পরিচালনায় অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়ায় হাসপাতালটির ওটি সিলগালা করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নবজাতকের মৃত্যুর সংবাদ প্রকাশের পরপরই ফেনীর সিভিল সার্জনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. এ এস এম সোহরাব আল হোসাইনের নেতৃত্বে সিভিল সার্জন কার্যালয়ের একটি দল আল আকসা হাসপাতালে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সিভিল সার্জন হাসপাতাল কর্তৃপক্ষ, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক, ওটি ইনচার্জ, নার্স এবং রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি হাসপাতালের লাইসেন্স, প্রয়োজনীয় কাগজপত্র এবং অপারেশন থিয়েটারের কার্যক্রম নিবিড়ভাবে পরিদর্শন করেন।
পরিদর্শনে ওটি পরিচালনায় বিভিন্ন অনিয়ম ধরা পড়ায় সিভিল সার্জনের নির্দেশে হাসপাতালটির অপারেশন থিয়েটার (ওটি) তাৎক্ষণিকভাবে সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়।
এ সময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আমির খসরু তারেক, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মাইনউদ্দীন, জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নবজাতকের মৃত্যুর ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে জেলা স্বাস্থ্য বিভাগ ফেনীবাসীকে আশ্বস্ত করে জানিয়েছে, চিকিৎসাসেবায় যেকোনো ধরনের অবহেলা, অনিয়ম বা দায়িত্বে গাফিলতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
Leave a Reply