মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার):
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী রেঞ্জ অফিসের আওতাধীন জুম্মাপাড়া পাহাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর তিনি পাহাড়ি এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং পরিবেশ সংরক্ষণে বনাঞ্চল রক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের কর্মকর্তাবৃন্দ, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সুধী সমাবেশে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বনভূমি রক্ষা এবং নতুন করে সবুজায়ন গড়ে তুলতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, বন উজাড় রোধ, পাহাড় সংরক্ষণ এবং পরিবেশবান্ধব উন্নয়নের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব। এ লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও বন সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
অনুষ্ঠিশেষে অংশগ্রহণকারীরা জুম্মাপাড়া পাহাড় এলাকায় বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
Leave a Reply