মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে কার্যত বন্ধ রয়েছে ডেন্টাল চিকিৎসাসেবা। চিকিৎসক দীর্ঘমেয়াদি ছুটিতে থাকা, ডেন্টাল টেকনোলজিস্টকে অন্য উপজেলায় প্রেষণে পাঠানো এবং ডেন্টাল ইউনিট অকার্যকর হয়ে পড়ায় দাঁতের চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন হাজারো মানুষ। বাধ্য হয়ে অনেক রোগী কবিরাজ ও ঝাড়ফুঁকের মতো কুসংস্কারনির্ভর চিকিৎসার শরণাপন্ন হচ্ছেন, যা জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি করেছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল কক্ষটি বর্তমানে অন্য কাজে ব্যবহৃত হচ্ছে। চরাঞ্চলসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে দাঁতের নানা সমস্যায় প্রতিদিন রোগীরা হাসপাতালে এলেও চিকিৎসাসেবা না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
উপজেলার সাঘাটার বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম কৌশিক (৩৫) জানান, সাত দিন ধরে দাঁতের তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে এলেও চিকিৎসকের দেখা পাননি। পরে বাধ্য হয়ে গ্রামের এক কবিরাজের শরণাপন্ন হলেও কোনো উপকার মেলেনি।
অন্যদিকে, সিপিগাড়ামারা গ্রামের হোসনে আরা বেগম (২৯) বলেন, ছোট ছেলেকে নিয়ে নদী পার হয়ে হাসপাতালে এসেও চিকিৎসা না পেয়ে খালি হাতে ফিরে যেতে হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাঘাটা ও পার্শ্ববর্তী ফুলছড়ি উপজেলার একটি বড় জনগোষ্ঠী ভৌগোলিক কারণে এই স্বাস্থ্য কমপ্লেক্সের ওপর নির্ভরশীল। বিশেষ করে চরাঞ্চলের দরিদ্র মানুষের পক্ষে বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেওয়া ব্যয়বহুল হওয়ায় সরকারি সেবা বন্ধ থাকায় তারা অসাধু চিকিৎসক ও কুসংস্কারের ফাঁদে পড়ছেন। স্বাস্থ্যসচেতনদের মতে, এ ধরনের অবৈজ্ঞানিক চিকিৎসাপদ্ধতি রোগীদের স্বাস্থ্যঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এখানে কর্মরত একমাত্র বিডিএস চিকিৎসক শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘমেয়াদি ছুটিতে রয়েছেন। এছাড়া একমাত্র ডেন্টাল টেকনোলজিস্টকে প্রেষণে পার্শ্ববর্তী ফুলছড়ি উপজেলার উদাখালী স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে, ডেন্টাল রুম ও প্রয়োজনীয় সরঞ্জাম সেবার উপযোগী না থাকায় কক্ষটি বর্তমানে শিশু স্বাস্থ্যসেবা কার্যক্রমে ব্যবহার করা হচ্ছে।
এ বিষয়ে সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. ইলতুতমিশ আকন্দ পিন্টু বলেন, “চিকিৎসক শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘমেয়াদি ছুটিতে রয়েছেন এবং তাঁর কাজে ফিরতে কিছুটা সময় লাগতে পারে। তবে ডেন্টাল টেকনোলজিস্টের প্রেষণ বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে। একই সঙ্গে বিষয়টি সিভিল সার্জনকে অবহিত করে দ্রুত ডেন্টাল সেবা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।”
এদিকে, স্থানীয় বাসিন্দারা অবিলম্বে ডেন্টাল টেকনোলজিস্টকে মূল কর্মস্থলে ফিরিয়ে এনে প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম নিশ্চিত করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল চিকিৎসাসেবা পুনরায় চালুর দাবি জানিয়েছেন।
Leave a Reply