প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
নোয়াখালীর সেনবাগ উপজেলায় পারিবারিক কলহের জেরে মো. রায়হান হোসেন (২৫) নামে এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
সোমবার (২০ জুলাই) ভোরে উপজেলার ২ নম্বর কেশারপাড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খাজুরিয়া গ্রামের মাইজ্জা মিয়ার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত রায়হান হোসেন ওই গ্রামের আব্দুল বারিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা দেখে বাড়িতে ফেরেন রায়হান। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা-কাটাকাটি ও পারিবারিক কলহের সৃষ্টি হয়। একপর্যায়ে মানসিকভাবে ভেঙে পড়ে রাত আনুমানিক সাড়ে ৪টা থেকে সকাল ৬টার মধ্যে পরিবারের সদস্যদের অগোচরে নিজ বসতঘরের শয়নকক্ষে গামছা দিয়ে গলায় ফাঁস দেন।
পরে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে আসেন এবং বিষয়টি সেনবাগ থানা পুলিশকে অবহিত করেন।
সংবাদ পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে সেনবাগ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণের প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, পারিবারিক বিরোধ কখনো কখনো ভয়াবহ পরিণতি ডেকে আনে। তারা এ ধরনের ঘটনা এড়াতে পারিবারিক সমস্যার শান্তিপূর্ণ সমাধান এবং মানসিক সংকটে থাকা ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান।
Leave a Reply