সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অবৈধ লেভেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মীর সাইফুল ইসলাম সাদ (২৪) নামের এক তরুণ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম সরাইল উপজেলা সদরের চাঁনমনি পাড়ার মৃত মীর হেলাল মিয়ার ছেলে। তিনি সরাইল বিকেল বাজারের ‘সাইফুল গ্যালারি’ নামের একটি কাপড়ের দোকানের স্বত্বাধিকারী ছিলেন।
আখাউড়া রেলওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে সাইফুল ইসলাম একটি প্রাইভেটকারে করে বিজয়নগর থেকে ফিরছিলেন। পথে মুকুন্দপুর এলাকার একটি অবৈধ লেভেলক্রসিং পার হওয়ার সময় প্রাইভেটকারটি হঠাৎ রেললাইনের ওপর আটকে যায়। ঠিক সেই মুহূর্তেই সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি কারটিকে সজোরে ধাক্কা দেয়।
সংঘর্ষের তীব্রতায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে গাড়িতে থাকা সাইফুল ইসলাম ও চালক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত চালক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, “অবৈধ লেভেলক্রসিং পার হওয়ার সময় অসাবধানতাবশত প্রাইভেটকারটি রেললাইনে আটকে পড়েছিল। এ সময় পাহাড়িকা এক্সপ্রেসের সাথে সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে। বিষয়টি আমরা তদন্ত করছি এবং এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
তরুণ ব্যবসায়ীর এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম চলছে।
Leave a Reply