স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
মানবিক, সামাজিক ও সেবামূলক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বোয়ালখালী উপজেলার কধুরখীল, সারোয়াতলী, শাকপুরা, পোপাদিয়া ও আহল্লা-করলডেঙ্গা ইউনিয়নের সাম্প্রতিক অতি বৃষ্টির বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
গত ১৬ জুলাই, বৃহস্পতিবার, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিনিধি দল এই ত্রাণসামগ্রী বিতরণ করেন।
সংগঠনের সভাপতি মো. শহিদুল ইসলাম ও ভারপ্রাপ্ত মহাসচিব ফারহানা আফরোজের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক স ম জিয়াউর রহমান, সদস্য তাহেরা মোহররম, আকতার হোসেন নিজামী।
ত্রাণ বিতরণকালে সংগঠনের সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন একটি মানবিক ও সামাজিক সংগঠন। এই সংগঠন বাংলাদেশের যেকোনো দুর্যোগ ও সংকটে মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার হাত বাড়িয়ে দেয়। তিনি আরো বলেন, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে সিলেট ও চট্টগ্রাম বিভাগের মানবিক ও সামাজিক উন্নয়নে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বোয়ালখালীর পাঁচ ইউনিয়নের ১০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।
সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব ফারহানা আফরোজ বলেন, সিলেট-চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের সবসময় মানুষের বিপদে এগিয়ে আসে। বোয়ালখালীর বহু পরিবার সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের কাছে এখন একমুঠো ভাত জোগাড় করা এবং মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করা কষ্টকর হয়ে পড়েছে। তাদের হাতে আমরা একটু সহানুভূতির হাত বাড়িয়ে দিয়ে তাদের মুখে হাসি ফোটাতে চাই।
এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ত্রাণসামগ্রী পেয়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করে।
Leave a Reply