সবুজ হাওলাদার।
পটুয়াখালীর বাউফল উপজেলার ২ নং কালিশুরী ইউনিয়নের সিংহেরা কাঠি এলাকার মধ্যবর্তী রাস্তাটি এখন সম্পূর্ণ বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তাটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও কাদার স্তূপ। ফলে চরম দুর্ভোগের মধ্য দিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ এবং স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা যাতায়াত করে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। কাদা আর পানিতে একাকার হয়ে যাওয়ায় প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বিশেষ করে রোগী, বয়োবৃদ্ধ এবং কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াত এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, রাস্তাটি দীর্ঘদিন ধরে এই ভাঙাচোরা ও কর্দমাক্ত অবস্থায় পড়ে থাকলেও এটি সংস্কারে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। রাস্তাটির এমন দশার কারণে এলাকার সার্বিক যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে।
দুর্ভোগের স্থায়ী লাঘবে এবং জনস্বার্থে রাস্তাটি দ্রুত সংস্কার ও পাকাকরণ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
Leave a Reply