নুরে আলম শাহ, ষ্টাফ রিপোর্টার॥”আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে বৃহস্পতিবার নানা কর্মসূচির আয়োজন করা হয়।সকালে জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, পরিবেশকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তামিম হাসান এবং জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মোজাম্মেল হক।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পরিবেশ সংরক্ষণ এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ জন্য বৃক্ষরোপণ, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়।দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
Leave a Reply