প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
নোয়াখালীর সেনবাগ উপজেলার ফেনী-নোয়াখালী ফোর লেইন মহাসড়কের আজিজপুর পোলের গোড়া এলাকায় সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খালে পড়ে গেছে। এ ঘটনায় বাসে থাকা কয়েকজন যাত্রী সামান্য আহত হলেও বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।
রোববার (৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বাসে থাকা একাধিক যাত্রী জানান, চৌমুহনী থেকে ছেড়ে আসা সুগন্ধা পরিবহনের বাসটি ছমির মুন্সিরহাট অতিক্রম করে আজিজপুর পোলের গোড়া এলাকায় পৌঁছায়। এ সময় সড়কের ওপর পূর্ব থেকেই বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানের কাছাকাছি পৌঁছলে বাসচালক দ্রুত ব্রেক করে গতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে হঠাৎ ব্রেক করার ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়।
দুর্ঘটনার পর বাসে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের বের করে আনেন। পরে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের কারও অবস্থা গুরুতর নয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয়রা জানান, মহাসড়কে বিকল যানবাহন দীর্ঘ সময় ফেলে রাখা এবং যথাযথ সতর্কতামূলক ব্যবস্থা না নেওয়ার কারণে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। তারা মহাসড়কে বিকল যান দ্রুত অপসারণ এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে।
Leave a Reply