ফখরুল আলম সাজু
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার নন্দলালপুর গ্রামকে সম্পূর্ণ মাদকমুক্ত করা এবং এলাকার কুখ্যাত চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।
আজ ৬ জুলাই বিকালে নন্দলালপুর এলাকার প্রধান সড়কে “মাদকমুক্ত নন্দলালপুর চাই” স্লোগানকে সামনে রেখে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন স্থানীয় সর্বস্তরের জনগণ, যুবক, সমাজসেবক ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
প্রশাসনের কাছে এলাকাবাসীর প্রশ্ন: ‘মাদক ব্যবসায়ী বাহিরে কেন?’
মানববন্ধনে অংশ নেওয়া বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযোগ করে বলেন, নন্দলালপুর গ্রামের হযরত শিকদারের তিন ছেলে— (১) নাজিম শিকদার, (২) আশিক শিকদার এবং (৩) সোহেল শিকদার দীর্ঘদিন ধরে এলাকায় দেদারসে মাদক ব্যবসা চালিয়ে আসছে। তাদের এই অবৈধ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছে, বাড়ছে চুরি-ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ।
মানববন্ধন থেকে আন্দোলনকারীরা ক্ষোভ প্রকাশ করে স্লোগান দেন, “মাদক ব্যবসায়ী বাহিরে কেন, প্রশাসন জবাব চাই।” তারা প্রশ্ন তোলেন, চিহ্নিত ও কুখ্যাত মাদক ব্যবসায়ী হওয়া সত্ত্বেও তারা কীভাবে এখনো প্রশাসনের নজর এড়িয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মাদক কারবার সচল রেখেছে।
দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন:
”আমরা আমাদের সন্তানদের একটি সুস্থ ও নিরাপদ পরিবেশ দিতে চাই। এই শিকদার ভাতৃদ্বয়ের মাদক সিন্ডিকেটের কারণে নন্দলালপুরের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট হচ্ছে। আমরা ফতুল্লা থানা পুলিশ এবং জেলা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে এই চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।
তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে এই শীর্ষ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা না হয়, তবে আগামীতে এলাকাবাসী আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর একটি স্মারকলিপি প্রদান করবেন বলে জানা গেছে।
Leave a Reply