মোঃ মোবারক হোসেন নাদিম
স্টাফ রিপোর্টার,
নরসিংদীর মনোহরদী উপজেলায় দৌলতপুর ইউনিয়নের কোচেরচর বাজারের একটি দোকান ও গুদামে অভিযান পরিচালনা করে ৯ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় এই অভিযান পরিচালনা করা হয়। মনোহরদী উপজেলা প্রশাসনের এ অভিযান পরিচালনের সংবাদ পেয়ে মজুদকারীরা পালিয়ে যায়।
মনোহরদী উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় মনোহরদী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. সজিব মিয়া উপজেলার দৌলতপুর ইউনিয়নের কোচেরচর এলাকার মৃত মো. রমজান আলীর ছেলে মো. আবুল হোসেনের গুদামে অভিযান পরিচালনা করেন। অভিযানে ৪৮ ড্রাম ভর্তি সয়াবিন তেল জব্দ করেন। পরিমাণে যা ৯ হাজার লিটার হবে বলে জানা যায়। জব্দ করা তেল মজুদের সঙ্গে স্থানীয় শাহজাহান মেম্বারের ছেলে মো. রাসেল মিয়া, মৃত মো. মাহতাব উদ্দিনের ছেলে মো. কাদির হোসেন, সাহাবুদ্দিন সাহা মেম্বারের ছেলে মো. সুমন মিয়া, মো. আয়েছ আলীর ছেলে মো. কামরুল ইসলাম, মৃত সাহাব উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (রাজু) জড়িত বলে জানা যায়।
মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মুনাফার উদ্দেশে অথবা চুরি বা ডাকাতির মাধ্যমে এসব তেল মজুদ করা হতে পারে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে। তবে তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।
Leave a Reply