রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসা আক্তারকে (৮) ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। এরই ধারাবাহিকতায় ধর্ষক ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ উপজেলার পূর্ব চৌরাস্তায় ‘কিক অফ ব্রাদার্স পীরগঞ্জ’ নামের একটি সংগঠনের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় যুবক ও সাধারণ মানুষ অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা দেশে নারী ও শিশুদের ক্রমবর্ধমান অনিরাপত্তা নিয়ে গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, রাজধানীর পল্লবীতে আট বছরের একটি শিশুকে যেভাবে পাশবিকভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, তা কোনো সুস্থ সমাজে মেনে নেওয়া যায় না। আজ দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া রামিসা ধর্ষণের শিকার হয়েছে, কাল যে অন্য কোনো বোন বা শিশু এই নির্মমতার শিকার হবে না, তার কোনো নিশ্চয়তা নেই।
আন্দোলনকারীরা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আমরা এই দেশে মা-বোনদের শতভাগ নিরাপত্তা চাই। আমরা আর কোনো কান্না কাঁদতে আসিনি, এসেছি আল্টিমেটাম দিতে।’ অবিলম্বে এই ঘটনার দ্রুত বিচার ট্রাইব্যুনালে সুষ্ঠু বিচার সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। সেই সঙ্গে শিশুদের জন্য একটি নিরাপদ ও ভয়হীন সমাজ গঠনের আহ্বান জানান বক্তারা।
উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। এই নৃশংস ঘটনায় মূল অভিযুক্ত সোহেল রানা ইতোমধ্যে আদালতে নিজের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তার জবানবন্দি রেকর্ড করার পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Leave a Reply