নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় কয়েকজন স্থানীয় গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে চাদাবাজি, ভয়ভীতি প্রদর্শন এবং উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন দৈনিক সমকাল পত্রিকার লৌহজং প্রতিনিধি মিজানুর রহমান ঝিলু। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, “লৌহজং প্রেসক্লাব” নামে একটি কথিত সংগঠনের ব্যানারে কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করছেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, কারও বিরুদ্ধে সংবাদ প্রকাশের হুমকি দিয়ে আবার কারও পক্ষে সংবাদ প্রকাশের আশ্বাস দিয়ে অর্থ লেনদেন করা হয়। এমনকি সংবাদ সম্মেলনের আয়োজনের নামেও সাধারণ মানুষের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে।
সম্প্রতি তালতলা-ডহরি খালে কথিত নৌ-চাদাবাজির ঘটনা নিয়ে উপজেলা প্রশাসনের নজরদারি শুরু হলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। অভিযোগ রয়েছে, নিজেদের বিরুদ্ধে ওঠা সমালোচনা আড়াল করতে কয়েকজন সংবাদকর্মী টঙ্গীবাড়ী উপজেলার বালিগাও বাজারের ব্যবসায়ী রাজন মুন্সির নাম উল্লেখ করে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করেন।
এ বিষয়ে রাজন মুন্সি দাবি করেন, প্রকাশিত সংবাদে তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি বলেন,“আমার বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট প্রমাণ থাকে, তাহলে আমি আইন অনুযায়ী যে কোনো শাস্তি মেনে নিতে প্রস্তুত। আর যদি অভিযোগ মিথ্যা হয়ে থাকে, তাহলে যারা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে প্রশাসনের যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।”
রাজন মুন্সি আরও অভিযোগ করেন, সংবাদ প্রকাশের পর তিনি মিজানুর রহমান ঝিলুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে সন্তোষজনক কোনো ব্যাখ্যা পাননি। বরং পরে প্রতিবাদ প্রকাশের বিষয় নিয়ে আলোচনা হয় বলে তিনি দাবি করেন। এজন্য দৈনিক মুন্সীগঞ্জের কাগজের প্রতিনিধি সোহেল রানা রাজার মুন্সির কাছে ৮ হাজার টাকা দাবি করে বলে জানান।
এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, গণমাধ্যমের নাম ব্যবহার করে যদি কেউ ব্যক্তিগত স্বার্থ হাসিল বা হয়রানিমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তাহলে তা সাংবাদিকতার ভাবমূর্তি ক্ষুণ্ন করে। তারা বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply