নুরে আলম শাহ,ঠাকুরগাঁও প্রতিনিধি:
হাইব্রিড ভুট্টার ফলন বৃদ্ধি এবং মানসম্মত বীজ উৎপাদনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর উদ্যোগে সদর উপজেলার শিবগঞ্জ পূর্ব পারপুগী গ্রামে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসির বীজ শাখার মহাব্যবস্থাপক আবির হোসেন। কর্মশালায় বিএডিসির চুক্তিবদ্ধ চাষীদের হাইব্রিড ভুট্টা-৩ (বি-৩৩৫৫) জাতের তুলনামূলক বৈশিষ্ট্য এবং আধুনিক চাষাবাদের কলাকৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বিএডিসি (বীউ) প্রকল্প পরিচালক হুমায়ন কবির, ঠাকুরগাঁও পুলিশ সুপার বেলাল হোসেন, ঠাকুরগাঁও কলেজপাড়া বিএডিসির উপ-পরিচালক ফারুক হোসেন, শিবগঞ্জ বিএডিসির উপ-পরিচালক মোহাম্মদ মনোয়ার হোসেন খানসহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর শিক্ষক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কর্মকর্তাবৃন্দ এবং বিএডিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।
মাঠ পর্যায়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে ভুট্টার বীজ সংরক্ষণ, পরিচর্যা এবং উৎপাদন ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের বাস্তবধর্মী দিকনির্দেশনা দেওয়া হয়। এই কর্মশালা ও মাঠ দিবসে এলাকার প্রায় ৩ শতাধিক কৃষক ও বীজ ডিলার অংশগ্রহণ করেন।
উপস্থিত কৃষকরা জানান, এই ধরনের হাতে-কলমে প্রশিক্ষণের ফলে তারা হাইব্রিড ভুট্টার সঠিক জাত নির্বাচন এবং আধুনিক উৎপাদন পদ্ধতি সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন, যা অধিক ফলন অর্জনে সহায়ক হবে।
বিএডিসির কর্মকর্তারা জানান, দেশে হাইব্রিড ভুট্টার আমদানিনির্ভরতা কমিয়ে স্থানীয়ভাবে উন্নত মানের বীজ উৎপাদজ্জনে কৃষকদের সক্ষম করে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য।
ঠাকুরগাঁওয়ের মাটি ও জলবায়ু ভুট্টা চাষের জন্য অত্যন্ত উপযোগী হওয়ায় এখানে বীজ উৎপাদনের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
Leave a Reply