মোহাম্মদ হোসাইন, কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজার জেলার ৯টি থানার মধ্যে টেকনাফ মডেল থানা শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেছে। ওয়ারেন্ট তামিল, পলাতক আসামি গ্রেপ্তার, মাদক উদ্ধার ও মানবপাচারকারী আটকে গুরুত্বপূর্ণ অবদান রাখায় টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলামকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে।
সোমবার (১০ আগস্ট) কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান আনুষ্ঠানিকভাবে টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলামের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পুরস্কার তুলে দেন।
থানা হিসেবে জেলার শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করায় টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে এ অর্জনের জন্য টেকনাফ মডেল থানায় কর্মরত সব কর্মকর্তা ও কর্মচারীকে ধন্যবাদ জানান তিনি।
এ সময় তিনি জেলা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং টেকনাফের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর ও স্বাভাবিক রাখতে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
ওসি মো. সাইফুল ইসলাম বলেন, মাদক ও মানবপাচারসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। টেকনাফের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে পুলিশকে তথ্য দিয়ে ও সহযোগিতা করে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
Leave a Reply