নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি//
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধীনস্থ কান্দাল বিওপি’র টহলদল বিশেষ অভিযানে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল এবং এক আসামিকে আটক করেছে।
বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সিভিল সোর্স ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে কান্দাল বিওপি’র নায়েক সিগন্যাল মো. রতনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৫৮/২-এস থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কান্দাল কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে মো. রনি ওরফে কালু (২৪), পিতা-রব্বানি, গ্রাম-দনগাঁও, ডাকঘর-হরিপুর, উপজেলা-হরিপুর, জেলা-ঠাকুরগাঁওকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত আলামতের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৬৩ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, মাদক ও চোরাচালান প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।
এছাড়া সীমান্তের নিরাপত্তা, সামাজিক শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে যেকোনো তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
Leave a Reply