নুরে আলম শাহ,ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের রামবাবুর গোডাউন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
সোমবার (২০ জুলাই ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঠাকুরগাঁও পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এ কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে মোট তিনটি মামলা দায়ের করা হয়।
অভিযানে আসামিদের কাছ থেকে ২ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আজাহার উদ্দীন (২৫), মো. বিপ্লব (৩০) ও মো. আরিফ ইসলাম (২৪)।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) মোঃ নাঈম আশরাফ। আদালত দুই আসামিকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং অপর এক আসামিকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া প্রত্যেককে ৫০০ টাকা করে মোট ১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ।
বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply