মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টারঃ
গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গাইবান্ধার সাঘাটা উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এক বিশেষ আলোচনা সভা, দোয়া ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী সকল শহিদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল ওয়ারেছ।
সভায় বক্তারা বলেন, জুলাই বিপ্লবের শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। তাঁদের আত্মদান নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে। শহিদদের আদর্শকে ধারণ করে একটি বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল ওয়ারেছ বলেন, “জুলাইয়ের শহিদরা আমাদের অনুপ্রেরণার চিরন্তন উৎস। তরুণ ও ছাত্রসমাজের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে। তাঁদের রক্ত যেন বৃথা না যায়, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দল-মত নির্বিশেষে দেশের উন্নয়নে অংশগ্রহণই হবে শহিদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।”
বিশেষ অতিথির বক্তব্যে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় জনগণের পাশে থেকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। শহিদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে পুলিশ প্রশাসন সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে।”
অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষে উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী হাজী এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. ইবরাহীম বক্তব্য রাখেন। তাঁরা বলেন, শহিদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের কোনো স্থান হবে না। দেশের শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের স্বার্থে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
এ সময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইন প্রধান লাবু এবং উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আব্দুল গফুর সরকার ও সাংগঠনিক সম্পাদক এনামুল হক সরকার দেশের বর্তমান প্রেক্ষাপট, গণতান্ত্রিক মূল্যবোধ ও রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও বিভিন্ন বিভাগের কার্যক্রম তুলে ধরেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশরাফুল ইসলাম এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহীশ শাফী।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং স্থানীয় সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভাপতির সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল কবীর অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, উপজেলা প্রশাসন শহিদ পরিবারের পাশে দাঁড়াতে এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি শহিদদের স্মৃতি সংরক্ষণে সাঘাটায় স্থানীয়ভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
আলোচনা সভা শেষে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। শ্রদ্ধা, স্মৃতিচারণ এবং জাতীয় ঐক্যের প্রত্যয়ের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শেষ হয়।
Leave a Reply