ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের বদলীপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে প্রশাসন। আজ (১৮ মে) উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশাদুল হক-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে ঘটনাস্থলে হাতেনাতে অবৈধভাবে বালু উত্তোলনের সত্যতা ও প্রমাণ মেলায় দায়ী ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে এই অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি)আশাদুল হক জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারি সম্পদ সুরক্ষায় প্রশাসনের এই নজরদারি সবসময় থাকবে। নদী বা ফসলি জমি নষ্ট করে যারা অবৈধভাবে বালু উত্তোলন করছে, তাদের বিরুদ্ধে আগামীতেও এই ধরনের আইনগত ও শাস্তিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Leave a Reply