নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও পৌরসভার নাগরিকদের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দিতে “আমাদের পৌরসভা” নামের একটি অনলাইন সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে এখন থেকে নাগরিকরা ঘরে বসেই বিভিন্ন সনদপত্র, হোল্ডিং ট্যাক্স পরিশোধ ও ট্রেড লাইসেন্সসহ পৌরসভার গুরুত্বপূর্ণ সেবা গ্রহণ করতে পারবেন।
গতকাল সোমবার বিকেলে ঠাকুরগাঁও পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সফটওয়্যারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
ঠাকুরগাঁও পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পৌরসভার প্রশাসক আরাফাত রহমান, সাবেক পৌর প্রশাসক সরকার মোস্তফা শাহীন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুজ্জামান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মামুন বিশ্বাস, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহীন আক্তার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. জিন্নাতারা ইয়াছমিনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এর আগে জেলা প্রশাসক ইশরাত ফারজানা পৌরসভার প্রবেশমুখে স্থাপিত “সেবা কানন” (তথ্য ও সেবা কেন্দ্র) এবং “টিকাদান কেন্দ্র ও মাতৃদুগ্ধ কর্নার” ফিতা কেটে উদ্বোধন করেন। এ সময় তিনি পৌরসভা প্রাঙ্গণে কয়েকটি ফলজ গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে পৌরসভা কর্তৃপক্ষ জানায়, “আমাদের পৌরসভা” সফটওয়্যারের মাধ্যমে এখন থেকে দেশের যেকোনো প্রান্ত এমনকি বিদেশে অবস্থানরত নাগরিকরাও পৌরসভায় না এসেই প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন। সেবা পেতে গুগলে “আমাদের পৌরসভা” লিখে সার্চ করে নির্দিষ্ট পেজে প্রবেশ করে নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর প্রয়োজন অনুযায়ী আবেদন করে অনলাইনে অনুমোদিত সনদ ডাউনলোড ও প্রিন্ট করা যাবে।
এছাড়া যেসব নাগরিক অনলাইনে আবেদন করতে অক্ষম, তারা সরাসরি পৌরসভার “সেবা কানন” (তথ্য ও সেবা কেন্দ্র) থেকে প্রয়োজনীয় সহায়তা ও পরামর্শ গ্রহণ করতে পারবেন।
পৌরসভা কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, এই সফটওয়্যার চালুর মাধ্যমে পৌরসেবায় স্বচ্ছতা, গতি ও জবাবদিহিতা আরও বৃদ্ধি পাবে এবং নাগরিক ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে।
Leave a Reply