সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শিক্ষার মান, শৃঙ্খলা আর চমৎকার পরিবেশ—এই তিনের অনুপম মিলনে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ১৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে সেরার তকমা অর্জন করেছে ৪৭ নং থানা কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ও যে মানসম্মত শিক্ষা দিতে পারে, এটি তারই এক উজ্জ্বল উদাহরণ।
২০০১-২০০২ সালে প্রতিষ্ঠিত হয়ে ২০০৫-২০০৬ সালে ঊর্ধ্বমুখী সম্প্রসারণের মাধ্যমে বিদ্যালয়টি আজকের এই অবস্থানে এসেছে।
বিদ্যালয়ের মূল গেটে খোদাই করা রয়েছে—”শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও।” এই স্লোগানই স্কুলটির মূল লক্ষ্য ও আদর্শের বহিঃপ্রকাশ ঘটায়।
শ্রেণিকক্ষে প্রবেশ করলেই দেখা মেলে পরিপাটি ইউনিফর্ম পরা শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করার দৃশ্য। শিক্ষার্থীদের সুশৃঙ্খল পরিবেশ, সুন্দর হাতের লেখা এবং শিক্ষকদের নিবিড় তদারকি যে কারও নজর কাড়বে।
বিদ্যালয়টির শিক্ষার মান এতই উন্নত যে, বিভিন্ন জেলা থেকে বদলি হয়ে আসা সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের সন্তানদের এই স্কুলেই ভর্তি করান। আধুনিক ও নমনীয় শিক্ষা পদ্ধতির কারণে এটি বর্তমানে অভিভাবকদের প্রথম পছন্দে পরিণত হয়েছে।
স্থানীয়দের মতে, ৪৭ নং থানা কলোনি স্কুলের সুনাম এখন উপজেলা ছাড়িয়ে পুরো জেলায় ছড়িয়ে পড়েছে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক জানান, অনেক চাকরিজীবী ও সরকারি কর্মকর্তার ছেলেমেয়েরা এই স্কুলে পড়াশোনা করেন। তবে আসন সীমাবদ্ধতার কারণে সবাইকে সুযোগ দেওয়া সম্ভব হয় না। দূরদূরান্ত থেকেও অনেকে এসে এই স্কুলে ভর্তি হতে চান।
মানসম্মত শিক্ষার কারণে এখানে ছাত্র-ছাত্রীর সংখ্যা অনেক বেশি। তবে শিক্ষার্থীর সংখ্যা বেশি থাকায় মাঝে মাঝে কিছুটা বেকায়দাতেও পড়তে হয়। এ ছাড়াও স্কুলটিতে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি থাকে এবং তারা অত্যন্ত সুন্দরভাবে পরিপাটি স্কুল ড্রেস মেইনটেইন করে।
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় বাঞ্ছারামপুরের এই বিদ্যাপীঠ প্রতিনিয়ত সাফল্যের নতুন সিঁড়ি বেয়ে এগিয়ে চলেছে।
Leave a Reply