প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে নোয়াখালীতে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (০৫ আগস্ট) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নোয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোঃ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি এবং শহীদ পরিবারের সদস্যরা অংশ নিয়ে তাদের অনুভূতি, স্মৃতিচারণ ও অভিজ্ঞতা তুলে ধরেন। তারা গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনা স্মরণ করে শহীদদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই গণআন্দোলনের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে এবং শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের মাধ্যমে একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, আহতদের সম্মাননা প্রদান এবং জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ ও চেতনাকে সমুন্নত রাখার প্রত্যয়ে শেষ হয়।
Leave a Reply