মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেন্ডার সমতা অর্জন এবং বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা (ফেসিং) প্রকল্পের আওতায় রবিবার (১৪ জুন ২০২৬) পলাশবাড়ী উপজেলার বিআরডিবি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
জিএফএ কনসাল্টিং গ্রুপের কারিগরি সহযোগিতায়, কানাডিয়ান হাই কমিশন ও সুইজারল্যান্ড দূতাবাসের আর্থিক সহায়তায় ডেমোক্রেসিওয়াচ বাস্তবায়িত ফেসিং প্রকল্পের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নাগরিক প্ল্যাটফর্মের সভাপতি মোঃ সুরঞ্জিত হক লিটন।
সভায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ, প্রভাব বিস্তার, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিকার চাওয়ার ক্ষেত্রে নাগরিক সমাজের, বিশেষ করে যুব, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব, স্বীকৃতি ও অংশগ্রহণ বৃদ্ধি করা এ প্রকল্পের অন্যতম লক্ষ্য।
এছাড়াও নাগরিক সমাজের সংগঠনসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা, অংশীদারিত্ব ও নেটওয়ার্ক শক্তিশালী করা, জনগণ ও সরকারের মধ্যে যোগাযোগ, তথ্য আদান-প্রদান এবং সংলাপ বৃদ্ধি, পাশাপাশি নাগরিক সমাজের সংগঠন ও নেতৃবৃন্দের সক্ষমতা উন্নয়নের বিষয়েও আলোচনা করা হয়।
সভায় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্যবৃন্দ, নাগরিক প্ল্যাটফর্মের সদস্য এবং ডেমোক্রেসিওয়াচের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ছিন্নমূল মহিলা সমিতি সহযোগী সংস্থা হিসেবে গাইবান্ধা জেলায় ডেমোক্রেসিওয়াচের সঙ্গে যৌথভাবে ফেসিং প্রকল্প বাস্তবায়ন করছে।
Leave a Reply