“সম্মিলিত উদ্যোগে—উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রবিবার (১৭ মে) সকালে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের উদ্যোগে একটি সচেতনতামূলক র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি হাসপাতাল চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় উচ্চ রক্তচাপের কারণ, লক্ষণ, সুফল-কুফল, স্বাস্থ্যঝুঁকি এবং তা প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।
সভায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন:ডা. জয়ন্ত কুমার সাহা, সহকারী পরিচালক, ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল।ডা. রেজাউল করিম শিবলু, সিনিয়র কনসালটেন্ট।ডা. অনুপম ঝাঁ, জুনিয়র কনসালটেন্ট।
আলোচকগণ তাঁদের বক্তব্যে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ওপর বিশেষ জোর দেন। তাঁরা বলেন, নীরব ঘাতক উচ্চ রক্তচাপ থেকে বাঁচতে হলে নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা, নিয়মিত শারীরিক ব্যায়াম করা এবং সর্বোপরি সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে কার্ডিওলজি বিভাগের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দিবসটির কর্মসূচি সমাপ্ত হয়।
Leave a Reply