মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার:
গাইবান্ধা সদর উপজেলার নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেন্ডার সমতা অর্জন এবং বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা (ফেসিং) প্রকল্পের আওতায় সোমবার (৯ জুন ২০২৬) সদর উপজেলা বিআরডিবি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নাগরিক প্ল্যাটফর্মের সভাপতি মোঃ মাহবুবার রহমান। জিএফএ কনসাল্টিং গ্রুপের কারিগরি সহযোগিতায়, কানাডিয়ান হাই কমিশন ও সুইজারল্যান্ড দূতাবাসের আর্থিক সহায়তায় ডেমক্রেসিওয়াচ ফেসিং প্রকল্প বাস্তবায়ন করছে।
সভায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ, প্রভাব বিস্তার, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিকার চাওয়ার ক্ষেত্রে নাগরিক সমাজের প্রতিনিধিত্ব, স্বীকৃতি ও অংশগ্রহণ বৃদ্ধি করা প্রকল্পটির অন্যতম লক্ষ্য। বিশেষ করে যুব, নারী এবং প্রান্তিক জনগোষ্ঠীর সদস্যদের সক্রিয় সম্পৃক্ততার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক সমাজ গঠনে এ প্রকল্প কাজ করছে।
এছাড়াও নাগরিক সমাজের সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, অংশীদারিত্ব ও নেটওয়ার্কিং বৃদ্ধি, জনগণ ও সরকারের মধ্যে যোগাযোগ ও তথ্য আদান-প্রদান জোরদার করা এবং নাগরিক সমাজের নেতা ও সংগঠনসমূহের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
সভায় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্যবৃন্দ, নাগরিক প্ল্যাটফর্মের সদস্য এবং ডেমক্রেসিওয়াচের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ছিন্নমূল মহিলা সমিতি সহযোগী সংস্থা হিসেবে গাইবান্ধা জেলায় ডেমক্রেসিওয়াচের সঙ্গে যৌথভাবে ফেসিং প্রকল্প বাস্তবায়ন করছে।
Leave a Reply